গাজীপুরে আইনজীবী হত্যায় পাঁচজনের ফাঁসির আদেশ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর বারের শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেলকে (২৮) হত্যার দায়ে একই পরিবারের ৪ জনসহ পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া ওই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথী এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আ. রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), তার ছেলে মো. সজল (২৮), বাপ্পী (৩৩), মো তিথি (৩১) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল (৪২)। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছেন।
গাজীপুর আদালতের এপিপি মোঃ আতাউর রহমান জানান, ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেলকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে আসামিরা দা, চাপাটি, চাকু, রামদা ও বটি দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে পরদিন ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা মো. সোহরাব উদ্দিন ভাণ্ডারি বাদী হয়ে ৮ জনের নামে এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানার এসআই মো. জাহিদুল ইসলাম মামলার তদন্ত শেষে ওই বছরের ১০ জুলাই আদালতে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার ৫ জনকে ফাঁসি ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোঃ আতাউর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেবুন্নেছা মীনা।

Comments (0)
Add Comment