গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২ বছর বয়সী আশিক নামে এক কওমি মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের খানবাড়ী কওমি মাদ্রাসার ছাত্র আশিক। ঈদের পর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফেরেনি। আশিকের বাড়ি উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামে। সে ওই গ্রামের আতাউর রহমানের দ্বিতীয় পুত্র। সে গোবিন্দগঞ্জ পৌর শহরের খানাবাড়ী মাদ্রাসায় দুই বছর ধরে অধ্যয়নরত।
আশিকের পিতা আতাউর রহমান জানান, আশিক ঈদের ছুটিতে বাড়িতে আসে। গত ১৪ জুলাই বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার কথা বলে বের হয়। পরবর্তীতে মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে জানায় যে আশিক মাদ্রাসায় আর আসেনি। তিনি আরো জানান, এই কথা জানার সকল আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে আশিকের পিতা ২৫ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।