ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই প্লান্ট থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।
এদিকে, এ মাসের শেষ দিকে আরো মডিউলার পাওয়ার প্লান্ট নামে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ইউনিট ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির আওতাধীন ওই দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা। ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের বিশেষত্ব হচ্ছে এটি জ্বালানি সাশ্রয়ী। অন্যদিকে, যৌথ অংশীদারত্বের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্টের ইঞ্জিন থেকে নির্গত তাপ প্রক্রিয়া করে অতিরিক্ত ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
প্রসঙ্গত, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির নয়টি ইউনিট থেকে এখন ৭৭৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। ২০১৬ সালের মধ্যে ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরো দুটি ইউনিট নির্মিত হলে ওই সময়ে সব মিলিয়ে প্রায় দুই হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র হবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি।