জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সেখানকার হোটেল বাইরিশার হফ হোটেলে দুই দেশের নেতাদের এই দ্বিপক্ষীয় ‌বৈঠক হয়। তবে বৈঠকে কী কী বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানানো হয়নি। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকও ছিলেন।

বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে যোগ দিলেন শেখ হাসিনা।

বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানসহ সাড়ে চারশ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যো নরওয়ের প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন।

জাতিসংঘের মহাসচিব ছাড়াও নেটো, ইউরোপীয় ইউনিয়ন, গ্রিন পিস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার জার্মানি যান প্রধানমন্ত্রী। তিন দিনের এ রাষ্ট্রীয় সফর শেষে শনিবার রাতেই দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার রবিবার ঢাকায় পৌঁছানোর কথা।

Comments (0)
Add Comment