জেএমবির তিন সক্রিয় সদস্য গ্রেফতার

রাজধানীর রামপুরা এলাকায় পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মনিরুল ইসলাম ওরফে মনিরুল ওরফে হাফেজ মনির (৩২), আলআমিন (৩০) ও মহসিন তালুকদার ওরফে মিন্টু (৪৮)।

মনিরের কাছ থেকে বেশ কিছু জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। মনির ও আলআমিন রূপগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি ও মিন্টু ফতুল্লা থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এদিকে র‌্যাবের হাতে গ্রেফতারকৃত জেএমবির তিন সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মনির ও আলআমিনকে পাঁচদিন এবং মিন্টুকে (৪৮) তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এরআগে র‌্যাব দুপুরে তাদের বিরুদ্ধে দশদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান আদালতে আবেদন করে।

Comments (0)
Add Comment