ঝালকাঠি পৌরসভার মেয়র কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি:
একটি চাঁদাবাজির মামলায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত কাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহিদুল ইসলাম তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন খোকন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় মেয়র ছাড়াও মেয়রের ভাইয়ের ছেলে সাজ্জাতুল আলম মুন্না ও সোলায়মান হোসেন নামে এক ব্যক্তিকেও কারাগারে পাঠায় আদালত।
আইনজীবী আনোয়ার হোসেন জানান, জেলা শহরের পালবাড়ি এলাকার কবির আহম্মেদ নামে এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও ৭৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করার অভিযোগে ছয় মাস আগে মেয়রসহ ওই তিনজনের নামে আদালতে মামলা করেন ভিকটিম।

Comments (0)
Add Comment