মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে তরমুজ খেয়ে একই পরিবারের শিশুসহ ৭ জন অসুস্থ হয়ে পড়েছে। রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থরা হলেন শরিফুল (২৮), তাসমিন (২), শান্তা (৭), রুহান (৯), সুমী (৪), পারুল (৫৫) ও কল্পনা (১৮)।
অসুস্থ শরিফুল জানান, সকালে তিনি কালীগঞ্জ বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়ি নিয়ে যান। এর পর সেটি কেটে পরিবারের ৭ জন সদস্য খায়। তরমুজ খাওয়ার পর পরই তাদের পেট ব্যাথা, বমি শুরু হয় এবং তারা অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদের জ্ঞান ফিরলেও সংবাদ লেখা পর্যন্ত শান্তা নামের এক শিশুর জ্ঞান ফেরেনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহমান জানান, ফুড পয়জনিনের কারণে তারা অসুস্থ হয়েছে।