ঝিনাইদহে গৃহবধূর মৃতদেহ উদ্ধার: গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগ

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে মৌসুমী আক্তার আশা (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুুলিশ। গৃহবধু আশা ওই গ্রামের শাখাওয়াত হোসেন আকাশের স্ত্রী এবং শহরের ব্যাপাড়ীপারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

রোববার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ীতে যায়। ঘরের মেঝেতে আশার মৃতদেহ পড়ে থাকতে দেখে। সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার গলায় দড়ি পেঁচানো ছিল। সেসময় বাড়ীর লোকজন কাউকে পাওয়া যায়নি।

এদিকে আশার পিতা ইকবাল হোসেন জানান, ৫ বছর আগে আকাশের সাথে তার মেয়ে আশার বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান আছে। তিনি অভিযোগ করেন যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করা হতো। এরই এক পর্যায়ে শনিবার রাতে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Comments (0)
Add Comment