ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের গুলশান পাড়া তরিকুল ইসলাম (২৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ-কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল শহরের ব্যাপারী পাড়ার মজিবুর রহমান ওরফে মজো ড্রাইভারের ছেলে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার রাত ১০ টার দিকে গুলশান পাড়া গীর্জার সামনে তরিকুল ইসলাম দাঁড়িয়ে ছিল। সে সময় একদল দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে হত্যাকান্ডে কারণ জানা যায়নি বলে তিনি জানান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম জানান, নিহত তরিকুল ইসলাম আমার দলের একজন সক্রিয় কর্মী। দৃর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকান্ডে তীব্র নিন্দা ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, এ হত্যাকান্ডে পর দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা রাতেই হত্যাকান্ডের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের পয়রা চত্ত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Comments (0)
Add Comment