মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনার ডুমুরিয়া উপজেলার চাঁদগড়ে ভদ্রা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
আজ ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, নদীর ভাঙনরোধ ও বাঁধনির্মাণে স্থানীয় জনসাধারণের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করতে হবে।
ক্ষতিগ্রস্ত লোকদের কর্মসংস্থানের জন্য বাঁধ নির্মাণ কাজে সুযোগ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনকে নিয়মমাফিক ক্ষতিপূরণ দেয়া হবে।
তিনি জলবায়ু ট্রাস্ট থেকে নদীর বাঁধ নির্মাণের বরাদ্দকৃত অর্থপ্রাপ্তিতে তার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী ডুমুরিয়ার জোয়ার্দ্দার বাড়ি মসজিদ ও আইতলা মঠ মন্দির পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদচত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধের নির্মাণকাজও পরিদর্শন করেন।