প্রেস বিজ্ঞপ্তি: রংপুর জেলা তথ্য অফিস -এর উদ্যোগে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদ মাঠে ২৫ ডিসেম্বর রবিবার বিকাল ০৩.০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তরণ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম মহিউদ্দিন আজম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার নারীদের সাবলম্বী করার জন্য সরকারের উচ্চ পর্যায় হতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। শিক্ষা প্রসারে নারীদেরকে এগিয়ে নেয়ার জন্য ডিগ্রী পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, নারীদেরকে উচ্চ শিক্ষিত ও উপার্জনশীল করে বিয়ে দিলে বাল্য বিবাহ কমবে, যৌতুক ও নির্যাতন বন্ধ হবে।
অনুষ্ঠানের সভাপতি মো: হুমায়ুন কবীর, সিনিয়র তথ্য অফিসার, রংপুর সরকারের বিভিন্ন খাতে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু রোধ, নারীর ক্ষমতায়ন, কৃষি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন ।
মহিলা সমাবেশের পূর্বে জেলা তথ্য অফিস, রংপুরের শিল্পীবৃন্দ যৌতুক, বাল্য বিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন বিভিন্ন বিষয়ের উপর সংগীত পরিবেশন করেন। এছাড়াও মহিলা সমাবেশের পর সয়ার ইউনিয়ন পরিষদ চত্বরে এবং ফরিদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমনি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় চার শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। বিডিপত্র/আমিরুল