আন্তর্জাতিক ডেস্ক: ভারতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা সাড়ে ১১শ’ ছাড়িয়েছে। উত্তর প্রদেশের কানপুর সহ বেশ কয়েকটি এলাকায় গড়ে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাজধানী নয়াদিল্লীসহ বেশ কয়েকটি এলাকার গতকালের তাপমাত্রা সাড়ে ৪৫ ডিগ্রি থেকে কমে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এই পরিস্থিতি আগামী আরও দুই এক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
তীব্র দাবদাহে ভারতের অন্ধ্র প্রদেশে সবচে বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। একই অবস্থা তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশের অধিকাংশ এলাকায়।
তীব্র গরমে সবচে বেশী ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে বাইরে বের হওয়া দেশটির শ্রমজীবী মানুষেরা। সামান্য স্বস্তির আশায় গাছের ছায়া কিংবা ঠাণ্ডা পানিয়ের দোকানগুলোতে ভিড় করছেন সবাই। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড়।
বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত মানুষকে ঘর থকে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। পাশাপাশি তীব্র দাবদাহে চিড়িয়াখানার প্রাণীগুলোকে রক্ষায় বিশেষ পরিচর্যা নিচ্ছেন চিড়িয়াখানার কর্মীরা।