দিনাজপুরের বিরামপুরে ৫’শ বোতল ফেনসিডিলসহ আটক ২

দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লবী মোড় থেকে ৫শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।  সোমবার  সকালে উপজেলার পল্লবী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন-টাঙ্গাইল জেলার বাসিন্দা বকুল হোসেন ও বাবুল মিয়া।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান আটকের বিষয়টি  নিশ্চিত করে জানান, ফেনসিডিলের একটি চালান পিকআপভ্যানে করে দিনাজপুর-বিরামপুর হয়ে ঢাকায় যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে পল্লবী মোড় অতিক্রম করার সময় পিকআপ ভ্যানটিকে থামার নির্দেশ দেয় পুলিশ। এ সময় পিকআপভ্যানটি থামিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চালকসহ দুইজনকে আটক করে। পরে পিকআপভ্যানে তল্লাশি করে ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিরামপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

Comments (0)
Add Comment