চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে মমতার এই সফর ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ঢাকার রাজনৈতিক অঙ্গনে। তার এই সফরের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দু’টি ইস্যু জড়িয়ে রয়েছে। এর একটি হচ্ছে স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন, অপরটি তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর। মমতা বাংলাদেশে আসছেন- এই খবরে তিস্তা পাড়ের ধুধু বালুচরের লাখ লাখ মানুষ আশায় বুক বেঁধেছেন। তারা চাইছেন মমতাদি এবার তিস্তা চুক্তির সুস্পষ্ট ঘোষণা দেবেন এবং কার্যকর উদ্যোগ নেবেন। আবার বান ডাকবে তিস্তার বালু চরে। মমতা ব্যানার্জিকে বাংলাদেশের মানুষ ‘দিদি’ বলেই ডাকে। তার সাদাসিদে আড়ম্বরহীন জীবন বাংলাদেশের বহু মানুষকে আকৃষ্ট করে। তার সফর নিয়ে সেই সব মানুষের মধ্যে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে।