দুর্গাপূজাকে ঘিরে বাড়ছে ইলিশের দাম

চারদিকে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে দুর্গা পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে চলছে নানা আয়োজন। দুর্গোৎসব উদযাপনের এ আয়োজনে খাবারের তালিকায় ইলিশ অন্যতম। যে কারণে আগে থেকেই ইলিশ কিনে তা সংরক্ষণ করছেন অনেকে। আর হঠাৎ ইলিশের চাহিদা বাড়ায়, দেশের বিভিন্ন বাজারে বেড়েছে ইলিশের দামও।

লক্ষ্মীপুর শহরসহ স্থানীয় হাটবাজারগুলোতে বেশি দামে ইলিশ বিক্রি হতে দেখা গেছে। হাট-বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৯০০ গ্রাম থেক ১ কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকায়, আধা কেজি (৫০০ গ্রাম) ওজনের দুইটি ইলিশ (এক কেজি) বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। বর্তমানে ৫০০ টাকার দামের ইলিশের দাম বেড়ে হয়েছে ৭০০ থেকে ৮০০ টাকায় এবং ৪০০ টাকার ইলিশ ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু হাটে নয়, নদী তীরবর্তী বিভিন্ন ঘাটেও ইলিশের দাম বেড়েছে বলে জানান স্থানীয়রা। সস্তায় মাছ কিনতে অনেকে ঘাটে গেলেও ইলিশ কিনতে হচ্ছে বেশি দাম দিয়েই। তবে তুলনামূলক বেশি দামে ইলিশ বিক্রি করতে পারায় জেলেরা খুশি।

কমলনগর উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, বিভিন্নস্থান থেকে আসা ব্যবসায়ী ও ইলিশ ক্রেতাদের উপস্থিতিতে মাছঘাট সরগরম। বেচা-কেনাও বেশি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করার জন্য ব্যবসায়ীরা ইলিশ কিনে মজুত করছে। স্থানীয়রাও স্বাদ মিটাতে ইলিশ সংরক্ষণ করছে। লক্ষ্মীপুর থেকে কমলনগর মাছঘাটে ইলিশ কিনতে আসা সুমন মজুমদার নামেে একজন বলেন, পূজার সময় ইলিশের দাম চড়া থাকবে। যে কারণে পূজা শুরু হওয়ার আগেই ইলিশ কিনে রাখছি।

লক্ষ্মীপুর শহরের কয়েকজন মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, পূজা উপলক্ষে ইলিশের চাহিদা বেশি থাকে। আর এ উৎসব উদযাপনের জন্য ইলিশ কিনে সংরক্ষণ করে রাখা হচ্ছে। যে কারণে ইলিশের দাম বাড়ছে। জেলে, ব্যবসায়ী ও মৎস্য অফিস সূত্র জানায়, ইলিশ মৌসুমের শেষ সময় এখন। ৭ অক্টোবর থেকে পূজা। ১২ অক্টোরর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় নদীতে ইলিশসহ সব মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব কারণে ইলিশের দাম বাড়ছে।

Comments (0)
Add Comment