দূর্যোগ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: ত্রাণমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীরবিক্রম বলেন, নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করেই আমাদের চলতে হয়। দূর্যোগকালিন সময়ে আমাদের প্রস্তুতি নেয়ার তেমন সুযোগ থাকে না। তাই দূর্যোগ আসার আগেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, আমাদের দেশে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাস বন্যার সময়। এসময় মানুষকে দূর্ভোগের মুখে পড়তে হয়। আমরা যদি পূর্ব থেকে প্রস্তুতি নিতে পারি তাহলে দূর্ভোগ লাঘব করা সম্ভব।
তিনি বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের মানুষের জন্য প্রচুর কাজ করে। সুতরাং এ কাজগুলো সম্পন্ন হয় তার তদারকি নিশ্চিত করতে হবে। আগামী ২০১৮ সালের মধ্যে দেশে কোন কাঠের সেতু থাকবে না। পাকা সেতু তৈরী করে দেয়া হবে। যুগের চাহিদা অনুযায়ি আমাদেরকে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের টাকার কোন সংকট নেই। এখন উন্নয়ন কাজগুলো যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সকলকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, উন্নত দেশের সাথে তাল দিয়ে আমাদের চলতে হবে। আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল কর্মকর্তাকে এখন থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে।
বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ প্রমুখ।

Comments (0)
Add Comment