দেবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি


আবু সাঈদ, দেবীগঞ্জ প্রতিনিধি
: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ এ শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও মানববন্ধন রোববার (২৪ জুলাই) দেবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে এই র‌্যালি ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
দুপুরে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয় থেকে র‌্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবীগঞ্জ বিজয় চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এক ঘন্টা ব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক খগেন্দ্রনাথ সেন, প্রভাষক নুরুজ্জামান হালিম, কাজী কামাল ইকবাল, শিক্ষাথী বিউটি আখতার, মনিষা মনি, আফসানা মিমি প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

Comments (0)
Add Comment