ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার মধ্যে যে কয়টি মন্দির স্থাপিত, তার মধ্যে ডাকুয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া নামকস্থানে আদিকালে ১৩৭৭ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় দেশবন্ধু বিশ্বকল্যাণ গীতাশ্রম মন্দির।
পটুয়াখলী জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের অনুরাগীরা প্রতি বছরে ৫ থেকে ৬ বার একত্রিত হয়। আগত অতিথিদের সাথে আলাপকালে তারা বলেন, এই মন্দিরের জায়গা স্বল্পতার কারণে অতিথিদের থাকা-খাওয়ার সুব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যসম্মত টয়লেটের।
অতিথিদের দুর্ভোগের বিষয়ে মন্দিরের সভাপতি বাবু সুবাস চন্দ্র সাহা বলেন, আমরা সকল ধর্মাবলম্বীদের কথা চিন্তা করে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এভাবে মন্দিরের উন্নয়ন করা মন্দির পরিচালনা কমিটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে সরকারি সহায়তা ছাড়া ঐতিহ্যবাহী দেশবন্ধু বিশ্বকল্যাণ গীতাশ্রমের ঐতিহ্য হারাতে বসেছে। তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ইতিহাস যেন হারিয়ে না যায় তার জন্য সরকারের কাছে সহায়তা আশা করছি।
এ বিষয়ে পাড়ডাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বজিত রায় বলেন, আমার ইউনিয়নে ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে পাঙ্গাশিয়ায় অবস্থিত মন্দিরটিও উল্লেখযোগ্য। মন্দিরের উন্নয়ন বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের নিকট অনুদান চাওয়া হয়েছে, আশা করছি খুব দ্রুত মন্দিরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ পাবো।