দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার:  জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা বাংলাদেশেও আজ সারা বিশ্বের ন্যায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশব্যাপী এ দিবসটি পালনে এবার নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলার বাসস প্রতিনিধি ও সংবাদদাতাগণ জানান, জেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও সংস্থার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পরিবেশবান্ধব চুলা ও চারা গাছ বিতরণের মাধ্যমে জাকজমকপূর্ণভাবে দিবসটি পালন করা হয়।

বরিশাল প্রতিনিধি জানান, দিবসটির প্রতিপাদ্যকে ধারণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নগরীতে দিবসটি পালিত হয়েছে। আজ সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে র‌্যালি শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। তিনি বলেন, ক্রমাগত পরিবেশ বিপর্যয়ের ফলে পৃথিবীতে প্রাণিকূলের অস্তিত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে। সভ্যতার বিকাশের সাথে সাথে জীবন যাত্রার মান বৃদ্ধিতে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারে গ্রীণ হাউজ নিঃসরণের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

বিভাগীয় কমিশনার বলেন, জলবায়ুর এই পরিবর্তনের ঝুঁকির মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। বিশেষ করে বরিশালসহ উপকূলীয় অঞ্চলে বাস করা আড়াই কোটি জনগোষ্ঠি আজ হুমকির মুখে। ভয়াবহ এই বিপর্যয় থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি করারও তিনি আহবান জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মো. আবদুল্লাহ-আল মামুনের সভাপত্বিতে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যার প্রফেসর মু. জিয়াউল হক ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক। অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বেলার আইনজীবী সুভাষ চন্দ্র বিপ্রবেদান্তি, উন্নয়ন সংগঠক জাহাঙ্গীর কবিরসহ প্রমুখ। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস স্বাগত বক্তব্য রাখেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যলয় থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলে আজিম সভাপতিত্ব করেন। আলোচনায় আরও অংশ নেন এএসপি এমদাদ হুসাইন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মো সিরাজুল ইসলাম, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. রেজাউল করিম, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মো. জামাল হোসেন, মুক্তিযোদ্ধা এম এ কদের মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিয়া মাহমুদুল হক। আলোচনা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পঞ্চগড় সংবাদদাতা জানান, পঞ্চগড় জেলা পরিষদ ও আরডিআরএস’র সহযোগিতায় আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামছুল আজম, আরডিআরএস বাংলাদেশ এর পঞ্চগড় কর্মসুচী ব্যবস্থাপক (মাঠসমন্বয়) হাসিনা পারভিন, স্থানীয় এনজিও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.জহিরুল ইসলাম, আরডিআরএস’র সামাজিক উন্নয়ন কর্মকর্তা সাফকাতুল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিও কর্মীরা অংশ নেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম এতে সভাপতিত্ব করেন।

আলোচনা শেষে আরডিআরএস বাংলাদেশ শিক্ষার্থী ও র‌্যালিতে অংশ গ্রহণকারীদের মাঝে ২শ’ ফলের চারা ও স্থানীয় এনজিও দেশ উন্নয়ন সংস্থা ২শ’ প্রতিবন্ধির মাঝে ফলের চারা ও ৫টি বন্ধু চুলা বিতরণ করে।

এমনই নানা কর্মসূচীর মাধ্যমে জয়পুরহাট, নড়াইল, রাঙ্গামাটি, পঞ্জগড়, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় বণ্যাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

Comments (0)
Add Comment