নজরুল জয়ন্তী অনুষ্ঠানের দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান ময়মনসিংহের নজরুল স্মৃতিবিজড়িত ত্রিশালে অনুষ্ঠানের দাবিতে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে আমরা ত্রিশালবাসীর ব্যানারে স্থানীয় এলাকাবাসী।
রবিবার সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আন্দোলনকারীরা মহাসড়কের ত্রিশাল উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে দাবি পূরণে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। আন্দোলনকারীরা জানায়, ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী নজরুল জয়ন্তীর অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার হঠাৎ করেই এ অনুষ্ঠান কুমিল্লায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হওয়ায় শনিবার ঘণ্টাখানেক ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্থানীয় নজরুলপ্রেমী এলাকাবাসী।
ওইদিন উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও পরদিন সকাল ১১টার মধ্যে ত্রিশালে এ অনুষ্ঠানের সিদ্ধান্তের দাবি পূরণ না হলে আবারো মহাসড়ক অবরোধের ঘোষণা দেয় তারা। পরে গত কাল সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ খবরে আন্দোলনকারীদের শান্ত করতে ছুটে যান জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।
এ সময় আন্দোলনকারীদের তিনি বলেন, আপনাদের দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। এ নিয়ে আমরা উপজেলা পরিষদে মিটিংয়ে বসবো। তার আশ্বাসের ভিত্তিতে পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment