ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ী পাকা রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে বেহাল দশা। রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় উক্ত সড়ক পথে চলাচলকারী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকলরি চলাচলে সংকট সৃষ্টি হয়েছে। যা গত বর্ষা মৌসুমে দেশের কয়েকটি জাতীয় পত্রিকাসহ ময়মনসিংহ আঞ্চলিক পত্রিকায় খবর ছাপা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত এর কোন উন্নয়ন পদক্ষেপ এই শুকনো মৌসুমে না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে এর ব্যাপক ক্ষতি সাধনে জনগণের দুর্ভোগসহ প্রাণহানির ঘটনা আবশ্যক হয়ে দাঁড়াবে। উক্ত সড়ক পথে প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ থেকে কেন্দুয়া হয়ে নেত্রকোনা পর্যন্ত বহু সংখ্যক যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে ঝুঁকিপূর্ণ সড়ক পথে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। চন্ডিপাশা ইউনিয়নের বাশাঁহাটি বাজার সংলগ্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে শুধু তাই নয় বর্তমানে প্রায় সব জায়গায় এরকম গর্তের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীসাধারণ ও যানবাহনের চালকগণ উক্ত সড়কে প্রতিদিন চলাচল অব্যাহত রেখেছে। এক্ষেত্রে অটো, সিএনজিসহ অনেক যানবাহন যাত্রী সাধারণের কাছ থেকে অধিক ভাড়া নিয়ে জীবনের ঝুঁকিসহ যানবাহন চালাচ্ছে। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ হলেও কতৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য অনতিবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।