নাশকতার ৫ মামলায় আত্মসমর্পণের পর কারাগারে রিজভী

ডেস্ক রিপোর্ট: নাশকতার পাঁচ মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। চার্জশিট হওয়া ওই সকল মামলায় গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে পল্লবী থানার একটি মামলায় গত ২৫ জুলাই এবং মতিঝিল থানার মামলায় গত ১০ আগস্ট রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, রাজধানীর পল্লবী থানার দুটি, মতিঝিল, রমনা এবং খিলগাঁও থানার একটি করে মামলায় সম্প্রতি রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। তিনি আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করতে এসেছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাব সদস্যরা তাকে (রিজভী) আটক করে। ওই সময় ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৯ দফায় তার বিরুদ্ধে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১০ মাস কারাভোগের পর ওই বছরের ৭ ডিসেম্বর তিনি জামিনে মুক্ত হন।

Comments (0)
Add Comment