আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালামের দাফন বৃহস্পতিবার তাঁর নিজ গ্রাম তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরামে হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মঙ্গলবার দুপুরের দিকে মেঘালয় থেকে মরদেহ নয়াদিল্লিতে নেয়ার পর তার নিজ বাসভবন ১০ রাজাই মার্গে রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এর আগে, এ পি জে আবদুল কালামের মরদেহ মেঘালয় থেকে দিল্লিতে নেয়া হয়। দুপুর একটার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমানবন্দরে পৌঁছানোর পর তিন বাহিনীর প্রধান সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সন্ধ্যায় এ পি জে আবদুল কালামের মরদেহ তার নিজ গ্রাম তামিলনাড়ুর রামেশ্বরমে নিয়ে যাওয়া হবে। সোমবার মেঘালয় রাজ্যের শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের এ সাবেক রাষ্ট্রপতি। বেথানি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ পি জে আবদুল কালাম।
তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ বিশ্ব নেতৃবৃন্দ।
[wpsr_facebook]