নির্বাচনী পরিবেশ তৈরি করতে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে; রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সরকার জাতীয় যাদুঘরে পাঠিয়েছে। এ কারণে শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আর সে জন্যই বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দেশের বর্তমান রাজনীতি, দলীয় অবস্থান ও ঐক্য সম্পর্কে মহানগর ও জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এ প্রতিনিধি সভার আয়োজন করে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পর্কে রিজভী বলেন, সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে। কয়লা পোড়ানোর পার্শ্ব প্রতিক্রিয়ায় সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হবে, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারাবে, নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হবে।

তিনি বলেন, আমরা বিদ্যুৎ কেন্দ্র চাই, তবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হলে সুন্দরবনের অক্সিজেন কারখানাটি বাঁচানো যাবে না। লক্ষ্য কোটি মানুষের প্রতিবাদের মুখেও অগণতান্ত্রিক সরকার শুধুমাত্র ভারতকে খুশি করতে এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Comments (0)
Add Comment