নাসিক নির্বাচনে অনিয়ম বরদাস্ত করা হবে না: সিইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘ভোটাররা যে রায় দেবে তা মেনে নিবেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে আমরা (নির্বাচন কমিশন) সেই ব্যবস্থা করবো। নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।’

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সারাদেশে এই নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচন নেই। আমাদের কাছে পর্যাপ্ত ফোর্স রয়েছে, প্রয়োজন মতো মোতায়েন করা হবে।

তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন নির্বাচনের আগেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে। তবে অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখতে বলেন তিনি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, মো. আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ, নির্বাচন কমিশন সচিব মো. আবদুল্লাহ প্রমুখ।

Comments (0)
Add Comment