নীলফামারীতে জাপার নির্বাচনী প্রচারণায় আ’লীগের হামলা

ডিমলা সংবাদদাতা, নীলফামারী: নীলফামারীতে চলমান ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পথসভা করতে গিয়ে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন জেলা জাপা সভাপতি ও সাবেক সংসদ সদস্য। এ সময় হামলাকারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে হামলাকারীদের দুইটি মোটরসাইকেল ভাঙচুর ও দুইজনকে গণধোলাই দেয় এলাকাবাসী। এলাকাবাসীর হামলায় আহতরা হলেন, হাবিব ও বিশ্বজিৎ। তাদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রাতেই দুইজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি নামক স্থানে গত মঙ্গলবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, শালহাটি বাজারে নাউতারা ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মিন্টুর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। পথসভা শেষে তারা মসজিদে নামাজ শেষে বের হয়ে এলে ১০/১২টি মোটরসাইকেলে ২০/২৫ জন যুবক এসে জাফর ইকবাল সিদ্দিকীর ওপর হামলা চালায়। এতে তিনিসহ দলের চেয়ারম্যান প্রার্থী আহত হয়। এ সময় এলাকাবাসীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীদের ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল এলাকাবাসী ভাঙচুর করে।
এ ব্যাপারে জাফর ইকবাল সিদ্দিকী সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরে স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আমাকে এলাকায় ঢুকতে দেবে না বলে ঘোষণা দেন। এ আক্রমণ তার প্রেক্ষিতে হয়েছে বলে তিনি মনে করছেন। ঘটনার পর পরই তিনি ডিমলা থানার ওসিকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন হামলাকারীদের দুইটি মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি জাফর ইকবাল সিদ্দিকীর ওপর হামলার চেষ্টা করার সময় এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় হামলাকারীদের ফেলে আসা দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকাবাসী।

Comments (0)
Add Comment