নীলফামারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ট্রাক্টর খাদে পড়ে চালক ও তার সহযোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার (০৭ মার্চ) দুপুরে ছাতনাই ইউনিয়নের ফুলছরি গ্রামের বুদ্দুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন,ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের কুমেদ আলীর ছেলে ট্রাক্টর চালক আশরাফুল ইসলাম (২৮) ও তার সহযোগী একই এলাকার মফিজুল ইসলামের ছেলে সাদেক আলী (২২)।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, দুপুরে ইউনিয়নের ফুলছরি গ্রামের বুদ্দুর মোড়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক, সহযোগীসহ তিনজন আহত হন।তাৎক্ষণিক চালক ও তার সহযোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, অবস্থার অবনতি হলে রমেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জানান, ট্রাক্টরে থাকা তফিজুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তিনি ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অপর দিকে একই দিন দুপুরে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ নামক স্থানে পিকআপের ধাক্কায় আমেনা বেওয়া (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন । নিহত বৃদ্ধা উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী জিয়ারবাজার গ্রামের মৃত. আব্দুল গফুরের স্ত্রী। জানা গেছে, ঘটনার দিন দুপুরে বৃদ্ধা আমেনা বেওয়া তাঁর নাতি জামাই পান ব্যবসায়ী  জাহিদুল ইসলামের সাথে সৈয়দপুর নিয়ামতপুর জুম্মাপাড়ার বাড়ি থেকে পায়ে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় বিপরীত দিকে থেকে আসা বেপরোয়াগতির একটি পিকআপ বৃদ্ধাকে ধাক্কা দিয়ে  দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সৈয়দপুর থানার ওসি আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment