জুয়েল রানা লিটন, নোয়াখালী:
নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকসা ও ইজিবাইক চালুর দাবিতে মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী অটোরিকশা মালিক কল্যাণ ও চালক সমিতি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নোয়াখালী অটোরিকশা মালিক কল্যাণ সমিতি এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে মাইজদীর হাউজিং এস্টেট মাঠ থেকে অটোরিকশা নিয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবি নিয়ে জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস বরাবর স্মারকলিপি প্রদান করে অটোরিকশা মালিক কল্যাণ সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশাকে ঘিরে প্রায় ৫ হাজারের অধিক পরিবার জীবিকা নির্বাহ করছে। এটাই তাদের আমাদের উপার্জনের একমাত্র মাধ্যম। এই পরিবারগুলোর জীবন-জীবিকার প্রতি সদয় দৃষ্টি দিয়ে জেলা শহরের প্রধান সড়কে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোরালো দাবিও জানান তারা। এজন্য তারা স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরিফ ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন।
প্রসঙ্গত, সোমবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা শহরে বিদ্যুৎ সমস্যা ও যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। গত ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে এ নির্দেশ কার্যকর করা হয়েছে।