পাঁচ শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা ফেরত পাঠালো মালয়েশিয়া

নিজস্ব প্রতিনিধি: মালয়েশিয়া উপকূল থেকে ৫ শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠালো দেশটির কোস্ট গার্ড। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌকাটিতে জ্বালানি ও খাদ্য সরবরাহের পর ফেরত পাঠানো হয় বলে জানায় মালয়েশীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, মালয়েশিয়ার লংকাবি দ্বীপের কাছে আন্দামান সাগরে ৭শ’ অভিবাসী বহনকারী ভাসমান একটি নৌকায় অনাহারে অন্তত ৮ জন মারা গেছে। নৌকাটি অন্তত ৫ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় সাগরে ভাসছে বলে জানায় মিয়ানমারের গণমাধ্যম বার্মা টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মানবপাচার চক্রের সদস্যরা নৌকার যাত্রীদের কাছে অবশিষ্ট থাকা খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। থাইল্যান্ড উপকূলের কাছ থেকে গত কয়েকদিনে প্রায় দুই হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে সাগরে ভাসমান বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের জীবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

একই দিন বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার হওয়া অভিবাসীদের খোঁজে থাই নৌবাহিনী সাগরে বিমানযোগে উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানায় ব্যাংকক পোস্ট।

Comments (0)
Add Comment