পাইলিংয়ের গর্তে রাস্তা, হোটেল সুন্দরবন খালির নির্দেশ

স্টাফ রিপোর্টার: রাজধানীর সোনারগাঁও রোডে ভবন নির্মাণের জন্য করা গভীর গর্তে ধসে গেছে সুন্দরবন হোটেলের পাশের গলি। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুন্দরবন হোটেলের পাশে একটি ভবন নির্মাণের সময় এ ঘটনা ঘটে। এতে রাস্তার পাশের অস্থায়ী কিছু দোকান সহ ফুটপাত এবং বৈদ্যুতিক খুঁটি ধসে গেছে। এ ঘটনায় ঐ এলাকার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সুন্দরবন হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেয়া হচ্ছে।

ঘটনার কিছুক্ষণ পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। জায়গাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হোটেলের আশেপাশের এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ভূমিধ্বসের পরপরই সেখানে উপস্থিত হয় ফায়ার সার্ভিস, রাজউক ও ওয়াসা কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সুন্দরবন হোটেল খালি করে দেয় ফায়ার সার্ভিস। এছাড়া প্রাথমিক ভাবে পানির সংযোগ লাইনও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘এই এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। খুব শীঘ্রই সিটি করপোরেশনের যে ইঞ্জিনিয়ার বা রাজউকের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের এটা দেখে একটা সিদ্ধান্ত দেয়া উচিত। আমরা কর্তৃপক্ষকে বলেছি এখান থেকে সব সরিয়ে নিতে। ‘

Comments (0)
Add Comment