প্যারাগুয়েকে হারিয়ে তৃতীয় পেরু

স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার ৪৪তম আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোরে মুখোমুখি হয় পেরু ও প্যারাগুয়ে। প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে পেরু। গত আসরেও তৃতীয় স্থান অর্জন করে লাল সাদা জার্সিধারীরা। এই দারুণ ফলাফলের কারণে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে উদ্দীপ্ত হয়েই মাঠে নামতে পারবে রিকার্ডো গ্যারেকার দল। প্রথমার্ধে দুই দলই ধীর ফুটবল উপহার দেয়। পেরু ও প্যারাগুয়ে কোনো দলই গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পেরু। কর্নার কিক থেকে উড়ে আসা বলে আন্দ্রে ক্যারিলো’র ডান পায়ের জোরালো শট নিচু হয়ে প্যারাগুয়ের গোলরক্ষক জোস্তো ভিলারকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নিলে ১-০ গোলে এগিয়ে যায় পেরু। এরপর খেলার অন্তিম মুহূর্তে গোল করে গতবারের মতো এবারও গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেন পাওলো গুয়েরো। জোয়েল সানচেজের ক্রস থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলের জয় নিশ্চিত করে গুয়েরো। গত ২০১১ আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতা গুয়েরো এবারও যৌথ সর্বোচ্চ ৪ গোল নিয়ে লড়াইয়ে রয়েছেন। তার সমান চার গোল নিয়ে চিলির এডুয়ার্ডোর ভারগাস গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ৩ গোল করা আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ফাইনালে দারুণ কিছু করে ছাড়িয়ে যেতে পারেন সবাইকে। প্রসঙ্গত, কোপা আমেরিকার গত আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলাকে পরাজিত করে পেরু।

Comments (0)
Add Comment