ফিল্ডিং রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
বল হাতে ম্যাচে তাকে দেখা যায়নি। ওপেনিংয়ে ব্যাট করতে নেমেও করেছেন মাত্র দুই রান। তারপরও ম্যাচে বড় একটা অবদান আছে সৌম্য সরকারের। প্রশ্ন আসতে পারে, সেটা আবার কিভাবে সম্ভব? সম্ভব হল ফিল্ডিং দিয়ে। আর এখানে রীতিমত রেকর্ডই গড়ে ফেললেন সৌম্য। স্কটল্যান্ডের ইনিংসের চারটি ক্যাচ ধরেন তিনি। এটাই বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড। সৌম্যর সঙ্গে এই তালিকাতে রয়েছেন ভারতের মোহাম্মদ কাইফও। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার ইনিংসের চারটি ক্যাচ নেন কাইফ। অবশ্য সেটা ছিল দ্বিতীয় ইনিংসে। ইনিংসের দশম ওভারে হাসিম গার্ডিনার ক্যাচ কভারে লুফে নেন সৌম্য। এরপর স্কটল্যান্ডের অধিনায়ক প্রিস্টন মমসেনের ক্যাচ নেন ডিপ মিড উইকেটে। স্কটিশ অধিনায়কের ক্যাচ তালুবন্দি করার পর স্কটল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক কাইল কোয়েতজার ক্যাচও নেন মিড উইকেটে। মাজিদ হকের ক্যাচ দিয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় নাম উঠান সৌম্য। স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ড্রাইভ দিয়ে মাজিদ হকের ক্যাচটি নেন বাংলাদেশের নতুন এই তারকা!

Comments (0)
Add Comment