ফুলবাড়ীতে কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস

নিজস্ব প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুরের ফুলবাড়ীতে এক কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবির ২৯ নম্বর ব্যাটালিয়ন। আজ সোমবার ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে স্থানীয় প্রশাসন এবং জন প্রতিনিধিদের উপস্থিতিতে বুলডজারে গুড়িয়ে দেওয়া হয় ২১ হাজার ১৬৮ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি, ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়জুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম এবং থানার পরিদর্শক মকছেদ আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী।

জানা গেছে, দিনাজপুরের সীমান্ত পাহারা দেওয়ার সময় বিজিবির ২৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা গত বছরের ১ এপ্রিল থেকে গত মাস পর্যন্ত ২১ হাজার ১৬৮ বোতল ফেনসিডিল, ১০ লিটার তরল ফেনসিডিল ও এক হাজার ৫০৮ বোতল বিদেশি মদ, ২৫৮ লিটার দেশি মদ, এক হাজার ৬১০ বোতল নেশা জাতীয় সিরাপ, ৪৭ ক্যান বিয়ার, ৬ দশমিক ৫৭৪ কেজি গাঁজা, পাঁচ কেজি মদ তৈরির বড়ি, দুই হাজার ৫২টি ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, এক হাজার ৮৭টি ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন আটক করে। বাজার মূল্য অনুযায়ী আটক মাদকের মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা।

Comments (0)
Add Comment