স্পোর্টস ডেস্ক:
২২ গজ থেকে অবসর নিলেও ভারত দলের ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড় কখনো আইপিএলে, কখনো ধোনিদের পার্টটাইম মেন্টর হয়ে অথবা ক্রিকেট নিয়ে টিভির পর্দায়। অবাক বিষয় হলো, বিসিসিআই দলের জন্য উপদেষ্টা কমিটি গঠন করলে তার সমসাময়িক ক্রিকেটাররা থাকলেও বাদ পড়েছেন তিনি! ওদিকে টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সোজা জানিয়ে দিলেন, দ্রাবিড় থাকলে তাদের অনেক উপকার হতো। কোহলি এ বিষয়ে বলেন, ‘বোর্ডের নতুন উপদেষ্টা কমিটিতে রাহুল দ্রাবিড় থকলে খুব ভাল হত। ছোট থেকে ওদের খেলা দেখে বড় হয়েছি। শচিন-সৌরভ- লক্ষ্মণের সঙ্গে দ্রাবিড় থাকলে খুব ভালো হত। আরো বেশি সাহায্য পাওয়া যেত ওদের থেকে।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই উপদেষ্টা কমিটির কাজ শুরু হতে যাচ্ছে। হয়তো ফতুল্লা অথবা মিরপুরের মাঠে ম্যাচ চলাকালীন সময়ে দলের সঙ্গে তাদেরকেও দেখা যেতে পারে। প্রসঙ্গত, শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষণের সঙ্গে কমিটিতে রাহুল দ্রাবিড়েরও থাকার কথা ছিলো। শেষপর্যন্ত তাকে না রাখায় ভারত ক্রিকেটে চলছে গুঞ্জন। অন্যদিকে সংবাদ মাধ্যমে বিসিসিআইয়ের সূত্র দিয়ে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দ্রাবিড়।