সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ফেসবুকের কাছে কোন অভিযোগ দেওয়া হলে তা ৪৮ ঘণ্টার মধ্যে ফিডব্যাক ও সহায়তা দেবে ফেসবুক। তিনি বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কিভাবে একসঙ্গে কাজ করতে পারি এ ব্যাপারে বিভিন্ন দিক আলোচনায় এসেছে। তারানা হালিম বলেন, আমার কাছে মনে হয়েছে, আমরা ইন্টারনেট ও ফেসবুক কিভাবে নিরাপদে ব্যবহার করতে পারি এ ব্যাপারে আমাদের আরও জানার প্রয়োজন রয়েছে। এজন্য এবারই একটি কর্মশালা আয়োজনের ব্যাপারে কথা হয়েছে। এখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন কোম্পানির বিশেষজ্ঞরা এসে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
এর আগে গত ১১ জানুয়ারি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সফরে গিয়ে ফেসবুক, গুগল এবং মাইক্রোসফটের সাথে বৈঠক করেন তারানা হালিম। এ সময় সিঙ্গাপুরে অবস্থিত ফেসবুকের অফিসে তাদের সেন্ট্রাল ইনফরমেশন মনিটরিং সিস্টেম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সিঙ্গাপুরে মাইক্রোসফটের সদর দপ্তরে সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনায় পাশাপাশি মাইক্রোসফটের বিভিন্ন সেবা এবং সাইবার সিকিউরিটি নিয়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেন তারানা হালিম। ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটি অব সিঙ্গাপুরের সাথে স্মার্ট সিটি ইনিশিয়েটিভ, সাইবার সিকিউরিটি পলিসি, টেলিকমিউনিকেশন সেক্টরের রেগুলেশন এবং তাদের দ্বারা পরিচালিত সিঙ্গাপুর কম্পিউটার ইমার্জেন্সী রেসপন্স টিমের সাথে বাংলাদেশ যেন কাজ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হয়। সফরকালে সাইবার সিকিউরিটি মালায়শিয়ার সাথে আলোচনা ছাড়াও ডিজিটাল ফরেনসিক ল্যাব, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং সিকিউরিটি এস্যুউরেন্স ল্যাব পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সফর শেষে শনিবার রাতে তিনি দেশে ফিরে আজ রোববার সংবাদ সম্মেলনের কথা জানান।