বিএনপি ধ্বংসের জন্য তারেক জিয়াই যথেষ্ট : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মুখ বন্ধ না হলে বিএনপির ধ্বংসের জন্য তিনি [তারেক] একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। অথচ কয়েকদিন আগেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন রঙ্গিন শাড়ি পড়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করেছেন। এটা কি প্রতিহিংসার রাজনীতি নয়? ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করা হয়েছে, ছোট্ট শিশু রাসেলকেও নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। এই দিবস কে সম্মান জানিয়ে ভারতও তাদের স্বাধীনতা দিবস পালন করে না। খালেদা জিয়ার মানবতাবোধ থাকলে এই দিন কেক কেটে উৎসব পালন করতেন না।’ বুধবার সন্ধ্যায় বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষকলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, ‘৭ বছরের শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, কৃষক সার পাচ্ছে, পানি পাচ্ছে। গ্রামগঞ্জে ডাক্তার দেয়া হয়েছে, প্রতি বছর ছাত্র-ছাত্রীদের বিনামূলে বই দেয়া হচ্ছে। এছাড়াও বিনা রক্তপাতে ছিটমহল উদ্ধার, মিয়ানমারের কাছ থেকে সমুদ্রসীমা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘মিথ্যা অজুহাতে পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করেছে যে বিশ্বব্যাংক আজ তারাই শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বলে ঘোষণা দিয়েছে।’

জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, বিমল কুমার দাস, অ্যাড. আব্দুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment