বিরামপুরে বিজিবি- চোরাকারবারী সংঘর্ষে নিহত ২

দিনাজপুর: চোরাই মালামাল আটককে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুরে চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই চোরাকারবারী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের শুকুর দফাদারের ছেলে শাহীন ও আব্দুর রশিদের ছেলে সুলতান আলী।

এ ঘটনায় গুলিবিদ্দসহ আরো ৭/৮ জন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ট্রেনে করে নিয়ে আসা অবৈধ মালামাল আটক করতে স্টেশন এলাকায় তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এতে চোরাকারবারীরা বাধা দেয়।

তল্লাশির একপর্যায়ে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়। এতে সংঘর্ষ বেধে যায়। এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই দুই চোরাকারবারীর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে দুই জন নিহত হওয়ার ঘটনার পর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে রেলওয়ে স্টেশন এলাকা ঘেরাও করে। তাদের দাবি, নিহতরা চোরাকারবারী নয়, সাধারণ মানুষ।

পরে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

Comments (0)
Add Comment