শিবালয় প্রতিনিধি:
রাজপথ-রেলপথে নাশকতা রোধে মোতায়েনকৃত আনসার সদস্যরা প্রায় দেড় মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না। ফলে ঝুঁকিপূর্ণ এ দায়িত্বে নিয়োজিত সদস্যরা মানবেতর জীবনযাপন করছে।
জানা গেছে, শিবালয় উপজেলার বর্তমান স্পর্শকাতর ৫টি স্পটে রাত-দিন পালাক্রমে তিন শিফটে ১২ জন করে আনসার ডিউটিরত রয়েছে। গত ৩ ফেব্র“য়ারি থেকে মোতায়েনকৃত এ সকল আনসার সদস্যদের সরকারিভাবে কোন বেতন-ভাতা দেয়া হয় নি। ফলে গরিব-অসহায় আনসারদের সংসার পরিচালনায় হিমসিম খেতে হচ্ছে। কয়েকজন আনসার সদস্য এ প্রতিনিধিকে জানান, নির্দিষ্ট স্থানে খোলা আকাশের নীচে লাঠি হাতে কর্তব্য পালন শেষে বেতন-ভাতা না পাওয়ায় আর্থিক অনটনে দিন কাটছে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সবুজ দেবনাথ জানান, বরংগাইল, মুশুরিয়া, টেপড়া, উথলী মোড় ও নবগ্রাম নামক স্থানে মোতায়েন আনসার সদস্যদের প্রত্যেককে প্রত্যহ নগদ ৩২০ টাকা অথবা ২৮ কেজি করে চাল-ডাল, ২ লিটার তেলসহ রেশন ছাড়াও ২৩৪ টাকা হারে দেয়ার কথা রয়েছে। কিন্ত, অর্থ বরাদ্দ না আসায় টাকা দেয়া সম্ভব হচ্ছে না।
নাম-পদবী প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, জেলা কমান্ডেন্ট অফিস থেকে জরুরি ভিত্তিতে আনসার সদস্যদের পাওনা বাবদ অর্থ ছাড় দেয়ার ব্যবস্থা করলে এ সংকট দূর করা সম্ভব হবে।