বেনাপোল সীমান্ত প্রতিনিধি:
পাসপোর্টে বৈধ ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় চাহিদা মতো ঘুষ দিতে না পারায় ইমিগ্রেশন পুলিশ কনস্টেবল পিটিয়ে রক্তাক্ত জখম করল মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক পাসপোর্টযাত্রীকে। শনিবার সকাল ৮টায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং বিজিবির কাছে দেয়া ভুক্তভোগী যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, নোয়াখালী জেলার খাজুরী সেনবাগ এলাকার আ. রবের ছেলে মোজাম্মেল হোসেন (পাসপোর্ট নং এ এফ ৮০৫৬৮৭১) গত ২ মে সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে আসেন। ভ্রমণকর পরিশোধসহ কাস্টম এবং ইমিগ্রেশনের সকল অফিসিয়াল কাজ শেষ করে তিনি প্রধান ফটকে কর্মরত পুলিশের হাতে তার পাসপোর্ট প্রদান করেন। পুলিশ কনস্টেবল রথীন তখন তার ব্যাগ দেখাতে বলেন।
ব্যাগে কয়েকটি হাদিসের বই ছিল সেগুলো নিয়ে ভারতে যাওয়া যাবে না বলে সে জানায়, নিতে হলে ৫শ’ টাকা দিতে হবে। এ সময় পাসপোর্টযাত্রী ও পুলিশের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল রথীন পাসপোর্ট যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে রক্তাক্ত জখম করেন। তখন যাত্রী মোজাম্মেল হোসেন ভারতে না গিয়ে পুলিশ ও বিজিবির কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনা জানাজানি হলে গেটে কর্মরত অন্যান্য পুলিশ কনস্টেবলরা তড়িঘড়ি করে মোজাম্মেল হোসেনকে ভারতে পাঠিয়ে দেয়।
পাসপোর্টযাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি বেনাপোলে ইমিগ্রেশনের ইন্সপেক্টর মোমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাসপোর্ট যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ না করার জন্য সকল কনস্টেবলদের বলা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে রথীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।