নিজেদের মাটিতে, নিজেদের পরিচিত কন্ডিশনে আÍবিশ্বাসে টগবগ করতে থাকা বাংলাদেশ দল যে যেকোন শক্তির বিপক্ষেই ভয়ের কারণ হয়ে উঠতে পারে সেটা বোঝা গেল আরেকবার। ব্যবধানটা মাত্র এক উইকেটের হলেও পাকিস্তানকে হারিয়েই বিসিবি একাদশ বুঝিয়ে দিলো আসন্ন সিরিজটা কোন ভাবেই সহজ হবে না। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই জয়ে সবচেয় বড় অবদানটা রাখেন সাব্বির রহমান রুম্মান। চার নম্বরে নামা এই ব্যাটসম্যান ৯৯ বলে করেন ১২৩ রান। ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছক্কা। এর বাইরে ইমরুল কায়েস ও সোহাগ গাজী দু’জনই ৩৬ করে রান করেন। এর আগে, বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ যে খুব বেশি দাপট দেখিয়েছে তাও নয়। মোহাম্মদ হাফিজের ৮৫ ও ফাওয়াদ আলমের ৬৭ রানের উপর ভর করে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান করে নয় উইকেটে ২৬৮ রান। বিসিবি একাদশের হয়ে তিনটি উইকেট পান শুভাগত হোম। জবাবে, নয় উইকেট হারিয়ে, সাত বল বাকি থাকতেই জিতে যায় স্বাগতিকরা।