ঈদে বোনাস নেই গণ বিশ্ববিদ্যালয়ে

ঈদ আসে। ঈদ চলে যায়। কারও কাছে ঈদ আসে আনন্দের সওগাত নিয়ে। কারও কাছে বেদনার বার্তা নিয়ে। ঈদ অনেকের কাছে মুনাফা অর্জনের মোক্ষম অস্ত্র। আবার অনেকে ঈদকে দেখেন আত্মশুদ্ধির ও আত্মোপলব্ধির মাধ্যম হিসেবে।

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় মুসলিম উম্মাহর প্রধান এই আনন্দ উৎসবে ঈদ বোনাসের ব্যাবস্থা থাকলেও, কোন ঈদ কিংবা বছরে কোন উৎসব ভাতার মুখ দেখেন না সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাই অনেকটা মলিন উৎসব কাটে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করে বলেন, এখানে আমরা যে পরিমাণ বেতন দিয়ে চাকুরী শুরু করি তা অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম। তাছাড়া বছরে একটি বোনাসেরও ব্যাবস্থা নেই। এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে কোন প্রকার নাশকতা কিংবা বৈষম্য এড়িয়ে চলতে ধর্মীয় অনুশাসন মেনে চলে না। যে কারণে ঈদে বোনাসের কোন ব্যাবস্থা নেই। তাহলে বাঙ্গালীর সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখে কেন বোনাস দেয়া হয় না?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনমতে চলে গেলেও কর্মকর্তা ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অবস্থা একেবারে করুণ বলে জানা যায়। যদিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে এই শর্তে সবাই আসেন কিন্তু এ কারণে ভালো শিক্ষকরা অনেক ক্ষেত্রে যোগদান করেন না অথবা যোগদান করলেও বেশিদিন থাকেননা বলে অভিযোগ রয়েছে। যে কারণে শিক্ষক সংকটে ভোগে গণ বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে গণবির একাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জানান, “বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম নিয়ম নেই। এক্ষেত্রে তারা বছরে একটি বোনাস দিয়ে হলেও এ নিয়ম চালু করতে পারেন।”

তারা আরও বলেন-“এখানকার বেতন কাঠামোতে পরিবর্তন আসাটা জরুরী। কেননা চাকরীর বয়স বৃদ্ধির সাথে সাথে বেতন বৃদ্ধির হার নেই বললেই চলে। যে কারণে সবাই এখানে কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে।”

Comments (0)
Add Comment