বৌদ্ধভিক্ষু হত্যার ৩ আসামি রিমান্ডে

বান্দরবনের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় আটককৃত তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে পুলিশ আটককৃত তিনজনকে বান্দরবান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করে। আদালত হত্যার রহস্য উদঘাটনে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আটকরা হলেন— স্থানীয় চাক সম্প্রদায়ের হ্লামং চাক (৩২) ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জিয়া উদ্দিন (২৮) ও রহিম (২৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, বাইশারী চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ (৭৮) গলা কেটে হত্যার ঘটনায় আটককৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, শনিবার ভোররাতের কোনো একসময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

Comments (0)
Add Comment