ভারতে প্রতি ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন-এনসিআরবি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতি ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন মানুষ। ২০১৪ সালে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি নিয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) একটি জরিপ প্রতিবেদন উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া রবিবার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ভারতে সড়ক দুর্ঘটনার তথ্য যখন থেকে সংগ্রহ শুরু হয়েছিল, তার মধ্যে ২০১৪ সালটি ছিল ভয়াবহতম। গত বছর এক লাখ ৪১ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যা ২০১৩ সালের চেয়ে তিন শতাংশ বেশি। এই ৩৬৫ দিনে দুর্ঘটনা ঘটেছিল সাড়ে চার লাখ এবং এতে আহত হন ৪ লাখ ৮ হাজার মানুষ।

২০১৪ সালে সংঘটিত দুর্ঘটনার মধ্যে প্রায় অর্ধেক অর্থাত্ দুই লাখ দুর্ঘটনা ঘটেছে চালকদের দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য। এতে প্রায় ৪৯ হাজার মানুষের প্রাণ যায়। আর বেপরোয়া হয়ে চালকদের বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে ১ লাখ ৪০ হাজারটি এবং এতে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Comments (0)
Add Comment