ভোটকেন্দ্র দখলের মহোত্সব হয়েছে: বিএনপি

বিলুপ্ত ছিটমহলসহ দেশের পৌনে ৪শ ইউপিতে যে ভোট গ্রহণ চলছে তাতে ছোট-খাটো চুরি-ডাকাতি নয়, বরং চরদখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোত্সব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার নয়াপল্টনে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রার্থীদের মারধর, অগ্নিসংযোগ, ও লুটপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র আওয়ামী ক্যাডররা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়ে তাদের পূর্বের মতো বর্বর আচরণ ও পাশবিক তাণ্ডব চালিয়েছে।

রিজভী আরো বলেন, এটা নিশ্চিত যে এই ভোটারবিহীন সরকার মানুষের ভোটাধিকার হরণ করতে তাদের গণবিরোধী নীতি থেকে সরে আসেনি।

তিনি বলেন, জনগণের প্রতিপক্ষ হয়ে একতরফা দলীয় নির্বাচন কমিশন গঠন করে ফের ক্ষমতায় যাওয়ার সাধ মিটবে না। জনগণ সেটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে।

তিনি বলেন, ফেনীর ফুলগাজীতে বহিরাগত সন্ত্রাসীরা বিএনপির এজেন্টকে বের করে দিয়েছে। লালমনিরহাট, ঠাকুরগাঁও, লক্ষীপুর, নরসিংদী, ময়মনসিংহ, পিরোজপুর, শরিয়তপুরেও ভোট ডাকাতির মহোত্সব চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বি এম মোশাররফ হোসেন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment