মধুখালীতে রাজ্জাক জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী উপজেলা প্রতিনিধি,ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর চরনওপাড়াতে অবস্থিত রাজ্জাক জুট ইন্ড্রাট্রিজ এর পাটের যাচাই শেড ও গুদামে মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজ্জাক জুট ইন্ড্রাট্রিজ এর পাটের যাচাই শেড ও গুদামের উত্তর দিক হতে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সাথে সাথে কারখানার কর্মকর্তা কর্মচারী, শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।প্রায় দেড় ঘন্টা পর ফরিদপুর, বোয়ালমারী, রাজবাড়ী এর মোট ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।রাজ্জাক জুট ইন্ড্রাট্রিজ এর প্রজেক্ট ইনচার্জ প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় আমি অফিসে ছিলাম, বের হয়ে দেখি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেই। তিনি বলেন আগুনে কাচা পাট, যাচাই শেডসহ সর্বমোট প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।রাজ্জাক জুটের অপর প্রজেক্ট ইনচার্জ আব্দুস সাত্তার হুসাইন জানান, গুদামটি প্রায় ১ লক্ষ ২০ হাজার মন পাটের ধারন ক্ষমতা সম্পন্ন। গুদামে প্রায় ৬০ হাজার মন কাঁচা পাট ছিল যার বাজার মূল্য প্রায় ১২ কোট টাকা।ফায়ার সার্ভিসের ফরিদপুরের সহকারী পরিচালক জানান, আমরা খবর পেয়ে প্রায় ৪০ কিলোমিটার দুরত্বে আসতে একটু সময় লেগেছে । এসেই আমরা আগুন নিভানোর চেষ্টা করেছি।উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, সহকারী পুলিশ সুপার সুজন সরকার, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধা ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীগন আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিল।

Comments (0)
Add Comment