মাদারীপুরে সেতুর রেলিং ভেঙে বাস খালে পড়ে নিহত ৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। শুক্রবার দুপুর দুটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলেরর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সাথে ব্রিজের দুই পাড়ে যানজট দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে সমাদ্দার সেতুতে ওঠার পর এটির রেলিং ভেঙে যায়। এ সময় সেতুর নিচে খালে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। পরে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা চলছে।

Comments (0)
Add Comment