ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
বিএনপির ডাকা হরতাল ও অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপির ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক বিএনপির কর্মীরা হলেন, মানিকগঞ্জ থানায়-শামীম রহমান (২০) শাওন (১৯) ও শুভ (২০), সিঙ্গাইর থানায় শামীম হোসেন (১৮), দৌলতপুর থানায় মো. জিল্লুর (২৬)।
সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ জেলায় ধ্বংসাত্মক ও সহিংসতা নিবারণ অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটক করে।
গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা সংক্রান্ত আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।