মাশরাফিদের ওপরে শুধু অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দল এখন যেন এক নতুন যুগে ঢুকে গেছে। জেতার নেশায় ফেলে দিয়েছে ১৬ কোটি মানুষকে। কিন্তু কিছু দিন আগেও কি এই চিত্র ছিল বাংলাদেশ ক্রিকেটে? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি পিছনে যেতে হবেনা। মাত্র কয়েক মাসের পরিসংখ্যান দেখেই বলে দেওয়া যায়। ২০১৪ সালে চোখ বুলালেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ২০১৪ সালের প্রথম ১০ মাসে ১৩ ম্যাচের ১২ টিতে পরাজয় আর একটি পরিত্যাক্ত। কিন্তু এরপরে? পাল্টে গেলো পুরো দৃশ্যপট। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে দল প্রমাণ দিয়েছে সামর্থ্যের। টানা ১৯ ম্যাচের ১৪টিতে জিতেছে। সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারতের সাথে। আট বছর পরে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের নভেম্বর থেকে গত সাড়ে আট মাসে খেলা মোট ম্যাচের শতকরা ৭৩.৬৮ ভাগই জিতেছে বাংলাদেশ। সাফল্যের এই হারে মাশরাফিদের ওপরে আছে শুধু অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচে ১৫ জয় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের হার ৮৩.৩৩ শতাংশ। এই সময়ে সবচেয়ে বেশি ১৯ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। তবে তারা ম্যাচ খেলেছে ২৮টি।

Comments (0)
Add Comment