পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন চলাকালে দুটি ছুরিসহ এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। তাকে জঙ্গি সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জসিমউদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে ওই রিকশাচালক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে তাকে সার্চ করে দুটি ছুরি পায় পুলিশ। তিনি পুলিশের কাছে দাবি করেছেন, আম খাওয়ার জন্য ছুরি রেখেছিলেন।
ওসি মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ওই যুবক নিজেই রিকশা চালালেও তার পোশাক সাধারণ রিকশা চালকদের মত ছিল না। তার পরনে ছিল জিন্স, গায়ের গেঞ্জি বেল্টের নিচে ‘ইন’ করা; হাতে ঘড়ি। তার সঙ্গে ছিল একটি ব্যাগপ্যাক।
রবিবার সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে চট্টগ্রামের জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন মিতু। মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী জিইসি মোড়সংলগ্ন মিষ্টির দোকান ওয়েল ফুডের সামনে মাহমুদা আক্তার মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এরপর এ হত্যার প্রতিবাদে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। বিডিপি/আমিরুল