মিশরে ইখওয়ানের সর্বোচ্চ নেতা বাদিয়ি’র মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরের নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদিয়ি’র বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে কায়রোর একটি আদালত। কায়রোর ক্রিমিনাল কোর্টের বিচারপতি ‘নাকি শেহাতা’ এ রায় দেন। এছাড়া আরো ১১ জন ইখওয়ান নেতার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে ওই আদালত। গত মাসে মিশরের একটি আদালত রাষ্ট্রবিরোধী তৎপরতার দায়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করেছিল। এর আগেও মুহাম্মাদ বাদিয়ির বিরুদ্ধে আলাদাত আরেক মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালত সে দণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল।  ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইখওয়ান নেতা ও তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে কায়রো। আদালত বলেছে, রাষ্ট্রবিরোধী তৎপরতায় ইখওয়ান কর্মীদের লেলিয়ে দেয়ার জন্য ‘কন্ট্রোল রুম’ পরিচালনার অভিযোগ ‘প্রমাণিত’ হয়েছে। তবে বাদিয়ি’র আইনজীবী এসব অভিযোগকে বানোয়াট বলে উল্লেখ করেছেন।

Comments (0)
Add Comment